Ads 468x60px

Tuesday, December 27, 2016

জয়ের সম্ভাবনা দেখছেন তামিম

প্রথম ম্যাচটা বড্ড একপেশেই হয়েছে। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথমটিতে আগে ব্যাট করে ৩৪১ রান তুলেছিল স্বাগতিক নিউজিল্যান্ড। পাহাড়সম রানের জবাব দিতে নেমে ২৬৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তবে ব্যাটিংয়ের চেয়ে বাংলাদেশের বোলিং-ফিল্ডিংই কাঠগড়ায়। ফিল্ডিংটা তো একেবারেই বাজে হয়েছে। বোলিংয়ে পরিকল্পনা কাজে লাগেনি। যার ফল সিরিজের প্রথম ম্যাচে ৭৭ রানের বড় পরাজয়।তবে এই দুঃখের অতীতে ভুলে যেতে চান টেস্ট দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার ভোরেই যে আবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। সিরিজে টিতে থাকতে হলে জিততেই হবে টাইগারদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচ নিয়ে মঙ্গলবার দলের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন তামিম ইকবাল। অবশ্য ‘ফরমাল’ সংবাদ সম্মেলন বলার সুযোগ নেই তামিমের এই কথা বলাকে।নেলসনের যে হোটেলে উঠেছেন মাশরাফিরা তার সামনে পড়ন্ত বিকেলে ছোটখাটো একটা আড্ডা। যার মধ্যমণি মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল। সাংবাদিকরা ছিলেন। মাঝে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহরাও ঢুঁ মেরে গেলেন। আড্ডার ফাঁকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে গেলেন তামিম। দ্বিতীয় ওয়ানডেতে সম্ভাবনার কথা উঠতেই তামিম বললেন, ‘আমাদের খুব ভালো সম্ভাবনা আছে জেতার। সিরিজ বলছি না অন্তত একটি ম্যাচ। আমি পরের ম্যাচের (দ্বিতীয় ওয়ানডে) কথাই বলছি। সেটা জিতলে পরেরটা (তৃতীয় ওয়ানডে) ভাবা যাবে।’প্রথম ম্যাচের ব্যর্থতা টেনেই কথাগুলো বললেন তামিম। প্রথম ম্যাচে পরিকল্পনা কাজে লাগেনি বাংলাদেশ দলের। দ্বিতীয় ম্যাচে সেদিক দিয়ে এগিয়ে গেলে তো হয়ই, ‘মাঠে নেমে পরিকল্পনার বাস্তবায়ন ঠিকমতো করতে পারলে (জিততে) না পারার কারণ নেই। এই দলের ওপর দারুণ বিশ্বাস আছে আমার। আমরা অবশ্যই পারি।’‘অবশ্যই পারি’ মিশনে তামিমের দিকেও তাকিয়ে দল। প্রথম ওয়ানডেতে খুব ভালো খেলতে পারেননি। কিন্তু সম্প্রতি সময়টা দুর্দান্ত ক্রিকেট খেলছেন তামিম। বিশ্বকাপের পর থেকেই ফর্মে বাংলাদেশি ওপেনার। ঘরের মাঠে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, সর্বশেষ ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন তামিম। কয়েক সপ্তাহ আগে শেষ হওয়া বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। ফলে তামিমের দিকে এখন বড় দৃষ্টিতেই তাকিয়ে থাকে দল। কী চিন্তা করছেন তামিম? এই প্রশ্ন কিন্তু সাংবাদিকদের পক্ষ থেকে নয়। প্রশ্নকর্তা খোদ মাশরাফি বিন মর্তুজা! সংবাদিকদের সঙ্গে কথা বলা শুরু করার আগেই তামিম হাসতে হাসতে বলেছিলেন, ‘ভাই এই মাঠে আমি স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫ করেছিলাম, এবার করবো কিনা এমন প্রশ্ন দয়া করে জিজ্ঞেস কইরেন না।’ সাংবাদিকদের মধ্যে কেউ প্রশ্ন করেনওনি এটা নিয়ে। কিন্তু মাশরাফিকে আটকাতে পারলেন কই!সংবাদ সম্মেলন যখন শেষ, তখন যেন পুরোদস্তুর সাংবাদিকই বনে গেলেন মাশরাফি। হাসতে হাসতে তামিমের উদ্দেশে বলে উঠলেন, ‘তামিম, এই মাঠে তোমার ৯৫ রানের ইনিংস আছে। তখন তুমি খুব চাপে ছিলে। এখন তো ভালো সময় যাচ্ছে। দল তোমার দিকে আরো বেশি করে তাকিয়ে। হাউ ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট?‘অধিনায়ক হয়ে আমাকে এভাবে প্রেসার দিলেন আপনি!’ বলতে বলতে হাসি আটকিয়ে রাখতে পারেননি তামিম। পরে অবশ্য ‘সাংবাদিক’ মাশরাফির প্রশ্নের উত্তরও দিয়েছেন সিরিয়াস ভাবে, ‘আমার কাছে মনে হয়, কোনো মাঠে ভালো করার ইতিহাস থাকলে অবশ্যই ভালো ব্যাপার। তার মানে এই না যে, আবার নেমে আরেকবার ৯৫ করব। শূন্য রানেও আউট হতে পারি। নতুন ম্যাচে শূন্য থেকেই শুরু করতে হয়।’দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা নেলসনে খেলবে বাংলাদেশ দল। আর এই মাঠে তামিম ৯৫ করার ঘটনা গত বিশ্বকাপে। প্রথমে ব্যাট করে ৩১৮ রান তুলেছিল স্কটল্যান্ড। পরে ৯৫ রানের ঝকঝকে এক ইনিংস খেলে বাংলাদেশের জয়ের ভিত্তি গড়ে দিয়েছিলেন তামিম। তামিম চাননি ওই প্রসঙ্গ নিয়ে কথা উঠুক। কিন্তু উঠেই যখন গেল, তাহলে পুনরাবৃত্তি তো হতেই পারে!
 

Sample text

Sample Text

Sample Text

 
Blogger Templates